ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে ৭৪ লাখ টাকাসহ আটকের ঘটনাকে ‘সাজানো নাটক’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেছেন, ভোটের মাঠ থেকে জামায়াতকে সরিয়ে দিতেই এই নাটক সাজানো হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জুবায়ের বলেন, ঠাকুরগাঁওয়ের জেলা আমির ব্যবসার কাজে টাকা নিতেই পারেন। এটা নিয়ে অকারণে নাটক সাজিয়ে আমাদের দলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।
তিনি আরও বলেন, বেদনার সঙ্গে বলতে চাই, বারবার আমাদের বাধা দেওয়া হয়েছে। সিলেটে জামায়াত নেতার ওপর হামলা, সিরাজগঞ্জে সামরিক বাহিনীর সদস্য পরিচয় দিয়ে হয়রানি, ফরিদপুর, নেত্রকোনা, বরিশাল ও মানিকগঞ্জে হামলার ঘটনা ঘটেছে। ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের ১২টি নির্বাচনি ক্যাম্প পোড়ানো ও ভাঙচুর করা হয়েছে।
জামায়াতের এই শীর্ষ নেতা স্পষ্ট জানিয়ে দেন, কোনো অবস্থাতেই ভোটের মাঠ ছাড়বে না তার দল। ‘জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলব। সেরা ভোট হবে এবং আমাদের প্রত্যাশা আকাশচুম্বি,’ বলেন তিনি।
এদিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটকের পর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটকের সময় তাকে ‘মেন্টালি টর্চার’ করা হয়েছে বলেও অভিযোগ করেন জুবায়ের।
তিনি আরও অভিযোগ করেন, যে পুলিশ কর্মকর্তা আমাদের জেলা নেতাকে গ্রেফতার করেছেন, তিনি কুখ্যাত মনিরুল ইসলামের সহযোগী। নির্বাচনি পরিবেশ ঘোলাটে করতেই এই সাজানো নাটক।
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, নির্বাচনে যাওয়ার পথে কিছু অসৎ লোক বেশি ভাড়া নিলেও সবাই নিরাপদে বাড়ি ফিরেছেন বলে আমরা তথ্য পেয়েছি।
