আইফোন ফোল্ডে আসছে বাটন ডিজাইন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৪ এএম

প্রথম ফোল্ডেবল বা ভাঁজ করা ফোন নিয়ে আসার জোর প্রস্তুতি চালাচ্ছে অ্যাপল। সম্প্রতি চীনের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট ‘উইবো’তে এ বহুল প্রতীক্ষিত আইফোন ফোল্ড সম্পর্কে নতুন কিছু তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম নাইন টু ফাইভ ম্যাক।

প্রতিষ্ঠানটির প্রথম ফোল্ডেবলে থাকতে পারে আইফোনের ইতিহাসের সবচেয়ে বড় ব্যাটারি। অ্যাপল বর্তমানে ৫ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) সক্ষমতার একটি ব্যাটারি পরীক্ষা করছে, যা বর্তমানের সব আইফোনকে ছাড়িয়ে যাবে। বাজার বিশ্লেষকদের মতে, বর্তমানে বাজারে থাকা আইফোন ১৭ প্রো ম্যাক্সের ব্যাটারি ৫ হাজার ৮৮ মিলিঅ্যাম্পিয়ারের, যা আইফোনের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড়। শোনা যাচ্ছে আইফোন ফোল্ডের ব্যাটারি ১৭ প্রো ম্যাক্সের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি শক্তিশালী হতে পারে।

সাধারণত ফোল্ডেবল বা ভাঁজ করা ফোনে দুটি স্ক্রিন থাকে। একটি ভেতরের বড় পর্দা এবং একটি বাইরের ছোট পর্দা। বড় পর্দাটি চালাতে স্বাভাবিকভাবেই অনেক বেশি চার্জ খরচ হয়। তাই ব্যাটারি লাইফ বা চার্জ বেশিক্ষণ থাকাকেই আইফোন ফোল্ডের প্রধান আকর্ষণ হিসেবে তুলে ধরতে প্রস্তুত অ্যাপল।

আরও ধারণা করা হচ্ছে, দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চলে আসা আইফোনের পরিচিত ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে ফোল্ডেবল আইফোনের ব্যবহারিক উপযোগিতা ও স্থায়িত্ব বাড়াতে আইফোনের বাটন ও ক্যামেরার অবস্থানে এ রদবদল করা হচ্ছে।

টিপস্টারের তথ্য অনুযায়ী, আইফোন ফোল্ডের ভলিউম বাটনগুলো প্রথাগত বাম দিকের বদলে ডিভাইসের ডান দিকের ওপরের অংশে সরিয়ে নেওয়া হতে পারে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ফোনটি যখন ভাঁজ খোলা অবস্থায় বা ‘ট্যাবলেট মোডে’ থাকবে, তখন এ নতুন অবস্থান ব্যবহারকারীদের জন্য বাটনের ব্যবহার অনেক সহজ করে তুলবে।

এ ছাড়া ডিভাইসটির পেছনের ক্যামেরা মডিউলেও বড় পরিবর্তন আসতে পারে। ধারণা করা হচ্ছে, অ্যাপল এখানে আড়াআড়ি বা ‘হরাইজন্টাল’ ক্যামেরা বিন্যাস ব্যবহার করবে। এ ছাড়া ফোল্ডেবল ফোনের প্রধান দুর্বলতা অর্থাৎ স্ক্রিনের ভাঁজ বা ‘ক্রিজ’ দূর করতে অ্যাপল বিশেষ এক ধরনের লিকুইড মেটাল হিঞ্জ ব্যবহার করছে। এটি কেবল ফোনের স্থায়িত্বই বাড়াবে না, বরং ফোনটি খোলার পর স্ক্রিনটিকে একদম সমতল দেখাবে।

অ্যাপল তাড়াহুড়া করে ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনতে চায় না। বরং অন্যান্য নির্মাতারা প্রথম প্রজন্মের ফোল্ডেবল নিয়ে যে সমস্যাগুলোর মুখে পড়েছিল, সেসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চায় প্রতিষ্ঠানটি। এর মধ্যে আছে দুর্বল ব্যাটারি, স্ক্রিনে ভাঁজের দাগ এবং দীর্ঘমেয়াদে টেকসই না হওয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত