সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের যমুনা নদীর চরে বসবাসরত তিনটি গ্রামের ১ হাজার ৬০০ ভোটাদের কাছে নির্বাচন নিয়ে তেমন কোনো আগ্রহ নেই। কৈজুরীর যমুনা নদীর তীরবর্তী চরে কোনো ভোটকেন্দ্র না থাকায় ভোটদানে আগ্রহ দেখাচ্ছেন না চরবাসী।
খবর নিয়ে জানা গেছে, উপজেলার কৈজুরী ইউনিয়নের মোনাকষা, ঠুটিয়া, ভাট দীঘুলিয়া ও চৌরাপাচিল গ্রামের নারী ও পুরুষ ভোটারদের ঠুটিয়া উচ্চবিদ্যালয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। স্থানীয় এলাকাবাসী জানান, এই ভোটকেন্দ্রের কাছাকাছি মোনাকোষা গ্রাম থাকলেও ভাট দীঘুলিয়া ও চৌরা পাচিল গ্রামের মানুষকে যমুনা চরের দীর্ঘ পাঁচ মাইল পথ পেরিয়ে, এরপর যমুনা নদী পার হয়ে ঠুটিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে। চরের যাত্রাপথ কষ্টের ও ব্যয় বহুল। তাই দুর্গম যাত্রাপথের কারণে এই চরের মানুষ ভোটবিমুখ হয়ে পড়েছেন।
স্থানীয় জনপ্রতিনিধি বাবুল শেখ জানান, স্থানীয় সরকার নির্বাচনে ভাট দীঘুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অস্থায়ী ভোটকেন্দ্র স্থাপন করা হয়। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে অস্থায়ী ভোটকেন্দ্র স্থাপন করা হয়নি। এ কারণে চরের ভোটারদের মাঝে ভোটের কোনো আমেজ নেই। কিছুদিন আগে অস্থায়ী ভোটকেন্দ্র স্থাপনের জন্য এলাকাবাসী লিখিত আবেদন করলেও নির্বাচন কমিশনের কাজ থেকে কোনো সাড়া পায়নি।
