ভোটের আধঘণ্টা আগেই হাজির ভোটাররা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ এএম

সকাল তখন ৭টা বেজে কয়েক মিনিট। রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন ‘শহীদ জিয়া গার্লস স্কুল এন্ড কলেজ’ কেন্দ্রের মূল ফটক তখনও বন্ধ। তবে গেট খোলার আগেই কেন্দ্রের বাইরে জমে উঠেছে ভোটারদের দীর্ঘ সারি। ঢাকা-৫ সংসদীয় আসনের এই কেন্দ্রে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও তার অনেক আগেই সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে হাজির হতে শুরু করেন।

ভোরের কুয়াশা কাটতে না কাটতেই কেন্দ্রের মূল ফটকের দুই পাশে নারী ও পুরুষ ভোটারদের আলাদা দুটি দীর্ঘ লাইন দেখা গেছে। ৭টা বাজার আগেই অনেক ভোটার কেন্দ্রে চলে আসায় লাইনের দৈর্ঘ্য দ্রুত বাড়তে থাকে। সময়মতো নিজের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতেই মূলত তারা এই কাকডাকা ভোরে কেন্দ্রে উপস্থিত হয়েছেন।

কেন্দ্রের ভেতরের নির্বাচনী কর্মকর্তারা তখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। ব্যালট বাক্স সিলগালা করা এবং নির্বাচনী সরঞ্জাম গুছিয়ে নেওয়ার কাজ চলছিল। বাইরে অপেক্ষমাণ ভোটারদের মাঝে দেখা গেছে উৎসবের মেজাজ ও শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার প্রত্যাশা। শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রের প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক নজরদারি ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে ভোট শুরুর আগেই যাত্রাবাড়ীর এই এলাকায় একটি সুশৃঙ্খল এবং উৎসবমুখর সকালের চিত্র ফুটে উঠেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত