জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেছেন, ভোটকেন্দ্রের পাশে কেন্দ্র দখলের একটা প্রচেষ্টা অব্যাহত আছে। এটি বেশিরভাগ আমাদের প্রার্থী, তাদের এজেন্ট ও নেতাকর্মীদের ওপর এবং ১১ দলীয় জোটের যারা নেতাকর্মী আছে তাদের ওপর হামলা হচ্ছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মনিরা শারমিন বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যেটা লক্ষণীয়, ভোটকেন্দ্রগুলোর আশপাশে যে ভোটারদের বাড়িঘর আছে তারা ওখানে হামলা লুটপাট এবং তাদের ভয়ভীতি প্রদর্শন করে, যাতে নির্বাচনে ভোটাররা উপস্থিত না হন সেজন্য তাদের হুমকি দেওয়া হচ্ছে। আমরা যে নির্বাচনটিকে সফল করার জন্য প্রত্যেকটি দলমত নির্বিশেষে সাধারণ জনগণের যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা দেখতে চেয়েছিলাম সেটি যদি দেখতে ব্যর্থ হই; এখানে যদি রাজনৈতিক দলগুলো তাদের দলীয় পুরনো চরিত্র বদলাতে না পারে, আমাদের প্রত্যেককেই মিডিয়া হয়ে উঠতে হবে।’
