শেরপুরে ২ কেন্দ্রে ব্যালট ছিনতাই ও মারামারি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম

শেরপুর সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিনটি ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। একই দিনে হেরুয়া বালুগাট কেন্দ্রের বাইরে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে মারামারির সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন।

নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহিদুল ইসলাম জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ কেন্দ্রের বাইরে অবস্থানরত কয়েকজন ব্যক্তি কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে যায়। এর মধ্যে দুটি ছিল জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ব্যালট বই। তিনি আরও জানান, ছিনতাই হওয়া ব্যালট বইগুলোতে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া ছিল। 

ঘটনার পরপরই প্রশাসনকে অবহিত করা হলে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে একটি জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট বই উদ্ধার করা হলেও একটি জাতীয় সংসদ ও একটি গণভোটের ব্যালট বই এখনও উদ্ধার করা যায়নি।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাসুদ মিয়াকে তিন বছরের কারাদণ্ড এবং হাবিবুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, হেরুয়া বালুগাট কেন্দ্রের বাইরে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত