সিইসির সঙ্গে সাক্ষাৎ

জাল ভোট, কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ ১১ দলীয় জোটের

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ১১-দলীয় জোটের একটি প্রতিনিধি দল। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল সারাদেশের বিভিন্ন ভোটকেন্দ্রে জাল ভোট, কেন্দ্র দখল ও অনিয়ম-কারচুপির অভিযোগ তুলে ধরেন।

তিনি বলেন, সারাদেশের বিভিন্ন জায়গায় ভোটকেন্দ্রে নানা সমস্যা হয়েছে, সেগুলো আমরা কমিশনের কাছে তুলে ধরেছি। আশা করি, এ বিষয়গুলোতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

মোয়াজ্জেম হোসেন আরও জানান, সারাদেশে মোট ভোটকেন্দ্র ৪৩ হাজার। এর মধ্যে কমিশনের পক্ষ থেকে তথ্য অনুযায়ী, ৩২ হাজার কেন্দ্রে নির্দিষ্ট পরিমাণ ভোট কাস্ট হয়েছে। বাকি ১০ হাজার কেন্দ্রের হিসাব এখনও না আসায় কমিশন তা যুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়েছে।

অভিযোগ করে জামায়াতের এই নেতা বলেন, কুমিল্লা-৮ আসনে ৩০ জন এজেন্টকে বের করে দেয়া হয়। নরসিংদী-৪ আসনের একটি কেন্দ্রে বিএনপির কর্মীদের নিয়ে প্রিসাইডিং কর্মকর্তা জোরপূর্বক সিল মেরেছেন। হাতিয়ায় রক্তাক্ত সন্ত্রাস করা হয়েছে। ঝালকাঠি, পাথরঘাটা, শরীয়তপুরের বিভিন্ন কেন্দ্রে সমস্যা করেছে তারা, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া হয়।
 
এছাড়া এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িবহরে হামলার অভিযোগ তুলেছেন মুয়াযযম হোসাইন হেলাল।
 
তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় আগে থেকেই সিল মারা হয়েছে। জাল ভোটও দেয়া হচ্ছে। ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
 
ইসির এখনো পদক্ষেপ নেয়ার সুযোগ রয়েছে জানিয়ে জামায়াত নেতা বলেন, আশা করি তারা ব্যবস্থা নেবে, একটা পরিচ্ছন্ন ফলাফল যেন আসে।
 
মুয়াযযম হোসাইন হেলাল বলেন, কুমিল্লা-৮, শরীয়তপুর-২, পটুয়াখালী-১ আসনের যেসব কেন্দ্রে সমস্যা হচ্ছে, সেসব কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জানিয়েছে ১১ দলীয় জোট।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত