জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বিচ্ছিন্ন দুই-একটি ঘটনা ছাড়া দেশের নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। তবে নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হবে কি না, সে বিষয়ে জামায়াতের শীর্ষ নেতারা পরে মতামত জানাবেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নির্বাচন উপলক্ষে দলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় জামায়াত জোটের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সাংবাদিকরা জানতে চান, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, জামায়াতে ইসলামী তা মেনে নেবে কি না। জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। কিছু অনিয়ম ও অব্যবস্থাপনা থাকলেও সামগ্রিকভাবে নির্বাচন ভালো হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের তিনটি অংশ-নির্বাচনের আগে, ভোট প্রদান ও নির্বাচনের ফলাফল। দুটি অংশ শেষ হয়েছে, তৃতীয়টি এখনো বাকি। সব অংশ নিয়েই একটি পূর্ণাঙ্গ নির্বাচন। ফলাফল ঘোষণা হলে আমাদের শীর্ষ নেতারা এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করবেন।
জামায়াতের এই নেতা আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচনে ৫১টি দল ও আড়াই হাজারের বেশি প্রার্থী অংশগ্রহণ করেছেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল ব্যাপক।
এহসানুল মাহবুব জুবায়েবর আরও বলেন, এবারের নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল অভূতপূর্ব। মানুষ আন্তরিকভাবেই এই নির্বাচনে অংশ নিয়েছে। এ জন্য আমরা দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই।
