অন্যরকম চরিত্রে সাফা কবির

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ এএম

এবার একেবারে ভিন্ন এক চরিত্রে দেখা মিলবে টিভি অভিনেত্রী সাফা কবিরকে। নিরীক্ষাধর্মী নাটক ‘মৎস্যকন্যা’য় নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। সেরনিয়াবাত শাওন পরিচালিত নাটকটির শুটিং এরই মধ্যে শেষ হয়ে গেছে। নাটকটি প্রসঙ্গে সাফা বলেন, ‘কাজটি করে মনে হয়েছে, নিরীক্ষাধর্মী একটি নাটক অভিনয়জীবনে যোগ হয়েছে। এর গল্পটা এক মৎস্যকন্যাকে নিয়ে। এটার জন্য মারমেইডের একটা কস্টিউম ব্যবহার করা হয়েছে। মারমেইডের কস্টিউম পরে সাঁতার কাটাও খুব চ্যালেঞ্জিং। এক দিন টানা ছয় ঘণ্টা মারমেইড পোশাক পরে থাকতে হয়েছে। ওই পোশাক পরার পর আমাকে ধরাও যাচ্ছিল না। পোশাকটা এমনভাবে বানানো, যে ধরে, তারই অস্বস্তি হচ্ছিল। এই পোশাকের কারণে শরীরের কোথাও চামড়া ছিলে গেছে। নাটক তো আমি অনেক দিন থেকে করছি, দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা সবসময় থাকে। সে চিন্তা থেকে এমন চ্যালেঞ্জ নেওয়া। দর্শক একটা গল্পে নতুনভাবে দেখুক, এমনটাই চেয়েছি।’

সাফা বলেন, এর আগে কখনো এ রকম ইলিউশনধর্মী কাজ বেশি করা হয়নি। ‘মৎস্যকন্যা’য় মারমেইডের পোশাক পরে ঝাঁপ দিয়ে সাগরে ডুব দেওয়ার জন্য মানসিকভাবে তৈরি ছিলাম। যে করেই হোক দৃশ্যটা করব, এমনই ছিল চাওয়া। পরিচালকসহ ইউনিটের সবাইকে বলেছিলাম, যদি ভেসেও যাই, মরেও যাই, আমি শটটা দিতে চাই। টিমকে বলেছিলাম, যদি পাঁচ সেকেন্ডের মধ্যে উঠে না আসি, তা হলে তোমরা আমাকে নিয়ে এসো। অভিনয়জীবনে এমন ঝুঁকি এর আগেও কয়েকবার নিয়েছি, যা কখনো বলা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত