উৎসবমুখর ভোটেও বিচ্ছিন্ন সংঘর্ষ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৯ এএম

উৎসবমুখর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিনেও দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, মারধর, ব্যালট ছিনতাইসহ নানা ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিনভর ভোটের মধ্যে ঘটনাগুলো ঘটে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, সারা দেশে ভোটগ্রহণের মধ্যে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হয়েছে। লক্ষ্মীপুর সদর-৩ ও লক্ষ্মীপুর-২ আসনে কয়েকটি কেন্দ্রে ভোট দেওয়া নিয়ে, জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংষর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আইনশৃঙ্খলার বাহিনীর তৎপরতায় বড় ধরনের তেমন কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি উল্লেখ করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, জেলা সদরের চরাঞ্চল মোল্লাকান্দির একটি ভোটকেন্দ্রে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভোটকেন্দ্রটিতে ভোটগ্রহণ স্বাভাবিক ছিল। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তিতুমির বলেন, সকাল ১০টার দিকে কেন্দ্রের বাইরের একটি খেলার মাঠে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটতে থাকে। এ সময় ১০-১৫টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে ছুটে আসেন। তবে কেন্দ্রের ভেতরের পরিস্থিতি স্বাভাবিক ও ভোটগ্রহণও যথারীতি চলতে থাকে।

শেরপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার চরমোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তিনটি ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা এবং হেরুয়া বালুগাট কেন্দ্রের বাইরে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারামারির ঘটনায় পাঁচজন আহত হন। একটি ব্যালট বই উদ্ধার করা হয়েছে। জাতীয় সংসদ এবং একটি গণভোটের ব্যালট বই এখনো উদ্ধার করা যায়নি। ব্যালট ছিনতাইয়ের ঘটনায় মাসুদ মিয়াকে তিন বছরের কারাদ- ও হাবিবুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে নলবাবাইদ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহিদুল ইসলাম।

বাগেরহাট প্রতিনিধি জানান, নির্বাচনের তুচ্ছ ঘটনায় বাগেরহাটের শরণখোলায় জামায়াত ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভোটকেন্দ্রে যাওয়ার রাস্তায় দাঁড়ানো ও পথ আটকানো নিয়ে দুপক্ষের কথাকাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। জেলার পুলিশ সুপার হাছান চৌধুরী বলেন, বিএনপি ও জামায়াতের সমর্থকদের মারামারির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করেন।

ফেনী প্রতিনিধি জানান, সদর আসনের লেমুয়া ইউনিয়নের মজুমদার হাটে শেখ মজিবুল হক উচ্চ বিদ্যালয় সংসদ সদস্য প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ওপর হামলার ঘটনা ঘটে। দুপুরে তিনি ওই কেন্দ্র পরিদর্শনে গেলে স্থানীয় বিএনপি কর্মী আব্দুল হান্নান ও শহীদের নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল কর্মী বিভিন্ন ধরনের আপত্তিকর কথা বলতে থাকেন এবং একপর্যায়ে তারা মঞ্জুর দিকে তেড়ে আসেন। ঈগল মার্কার উপস্থিত সমর্থকরা মঞ্জুকে ঘিরে ধরে হামলা থেকে রক্ষা করেন। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইলে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপি জোট প্রার্থী জুনায়েদ আল হাবিবের কর্মী-সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রের সামনে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রিসাইডিং কর্মকর্তা ১০ মিনিটের জন্য ভোটগ্রহণ বন্ধ রেখেছিলেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতির স্বাভাবিক হওয়ায় বর্তমানে স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ চলে।

কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লা-১০ আসনের একটি ভোটকেন্দ্রে জোর করে ঢুকে ধানের শীষ প্রতীকে সিল মারার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কুমিল্লার লালমাই উপজেলার চৌদ্দদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, একদল লোক কেন্দ্রে প্রবেশ করে তিনটি ভোটকক্ষে জোরপূর্বক ঢুকে পড়ে। তারা ব্যালট ছিনিয়ে নিয়ে ধানের শীষ প্রতীকে সিল মারার চেষ্টা করে। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তাৎক্ষণিক তৎপরতায় কোনো সিল মারা ব্যালট বাক্সে প্রবেশ করাতে পারেনি।

নোয়াখালীর হাতিয়া প্রতিনিধি জানান, ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় এক সাংবাদিকসহ ৩০ নেতাকর্মী আহত হন। হাতিয়া থানা সাইফুল আলম বলেন, হাতিয়ার কয়েকটি জায়গায় ভোটকেন্দ্রের বাইরে হামলা হয়েছে বলে শুনেছি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। হামলার বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ভোলা প্রতিনিধি জানান, বোরহানউদ্দিন উপজেলার আব্দুল জাব্বার কলেজ কেন্দ্র থেকে আব্দুল হালিম নামের একজন সহকারী প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়েছে। কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. জুয়েল রানা জানান, সহকারী প্রিসাইডিং অফিসার আব্দুল হালিম একজন ভোটারকে একত্রে প্রার্থীদের দুটি ব্যালট পেপার দেওয়া হলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এ ছাড়া ভোটকক্ষে মোবাইল নিয়ে প্রবেশ করে ছবি তোলার সময় এক ভোটারকে আটক করা হয়।

চট্টগ্রাম ব্যুরো জানায়, নগরের আকবর শাহ থানা এলাকায় ভোট দেওয়া নিয়ে তর্কের জেরে নুরুল আফসার (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। হাজী দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, নুরুল আফসার ভোটকেন্দ্রে যাওয়ার পথে স্থানীয় কিছু যুবকের সঙ্গে তিনি কোন প্রতীকে ভোট দেবেন এ বিষয়টি নিয়ে কথাকাটাকাটিতে জড়ান। তর্কাতর্কির একপর্যায়ে আফসারকে ছুরিকাঘাত করা হয়।

ধানের শীষ ও দাড়িপাল্লার ৪ কর্মীর দুই বছরের কারাদ- : কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুর-৪ কাপাসিয়া আসনের ভাওয়াল চাঁদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সীমানার বাইরে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের কর্মীদের মধ্যে সংঘর্ষ ও উভয়পক্ষের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ঘটনায় দুই দলের চার কর্মীকে দুই বছরের কারাদ- এবং ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ওই এলাকায় সংঘর্ষ ও ভাঙচুরের দায়ে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন এই দ- দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত