শাপলা কলি নিয়ে সংসদে যাচ্ছে এনসিপির ৬ নেতা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫১ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে গঠিত এনসিপির ৬ শীর্ষ নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। এই ছয়জন জাতীয় সংসদে দলটির প্রতিনিধিত্ব করবেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার পর দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পৃথক পোস্টের মাধ্যমে এসব প্রার্থীকে অভিনন্দন জানানো হয়।

বেসরকারি ফলাফল অনুযায়ী, এনসিপির বিজয়ী প্রার্থীরা হলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম (ঢাকা-১১), সদস্যসচিব আখতার হোসেন (রংপুর-৪), দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (কুমিল্লা-৪), যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ (নোয়াখালী-৬), যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মোজাহিদ (কুড়িগ্রাম-২) ও যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন (নারায়ণগঞ্জ-৪)। সবাই শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।

ঢাকা-১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পেয়েছেন ৯৩ হাজার ৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। ২ হাজার ৩৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নাহিদ ইসলাম। আসনটির মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৫ জন। এর মধ্যে ৪৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

রংপুর-৪ আসনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী পেয়েছেন ৩৩ হাজার ৬৬৪ ভোট। ৫ লাখ ৯ হাজার ৯০৬ ভোটারের এই আসনে ভোট পড়েছে ৬৪ দশমিক ৩৫ শতাংশ।

কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৮৮৫ ভোট।

নোয়াখালী-৬ আসনে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন পেয়েছেন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনির হোসেন কাসেমী পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট।

কুড়িগ্রাম-২ আসনে এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মোজাহিদ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৩৩৫ ভোট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত