বিএনপির সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ নীতি, স্বাস্থ্যসেবার আধুনিকায়ন, চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়ন, গ্রামীণ পর্যায়ে চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী ও জনবান্ধব হয়ে উঠবে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী দুর্নীতিমুক্ত ও মানবিক এবং জবাবদিহিতামূলক ও অধিকার ভিত্তিক আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে ড্যাব অঙ্গীকারবদ্ধ।
গতকাল ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব - এর দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।
গণমানুষের আস্থা ও প্রত্যাশার প্রতিফলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ভূমিধস বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।
ড্যাব নেতৃদ্বয় যৌথ বিবৃতিতে বলেন, এই ঐতিহাসিক বিজয় কেবল একটি রাজনৈতিক সাফল্য নয়; বরং এটি দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রতি জনগণের দৃঢ় প্রত্যাশার সুস্পষ্ট প্রতিফলন। দেশব্যাপী ধানের শীষের প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে ড্যাব যেসকল চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ড্যাব নেতৃদ্বয়।
বিবৃতিতে তারা বলা হয়, সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, জনবল বৃদ্ধি এবং গবেষণা ও চিকিৎসা শিক্ষার মান উন্নয়নের উদ্যোগ জাতীয় স্বাস্থ্যখাতে যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি।
ড্যাব নেতৃদ্বয় আরো বলেন, বিএনপির ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ঐতিহাসিক বিজয়ের প্রেরণায় বিএনপির সরকার একটি মানবিক, কল্যাণমুখী ও উন্নত রাষ্ট্র উপহার দিবে বলে তাঁরা বিশ্বাস করেন।
