তরুণ সংসদ সদস্য যারা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৬ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রজন্মই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। এ নির্বাচনেও ১৫ তরুণ সংসদ সদস্য বিজয়ী হয়েছেন। নির্বাচনে অংশ নেওয়া ১ হাজার ৯৮১ আসনের মধ্যে ৬৩৭ জনই ছিলেন তরুণ, যা মোট প্রার্থীর এক-তৃতীয়াংশেরও বেশি। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের দলগুলোর নির্বাচনে অংশগ্রহণই এবার তরুণ প্রার্থীর সংখ্যা বাড়ার মূল কারণ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১১-দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন করে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি এবার সবচেয়ে কম বয়সী সংসদ সদস্য। এ ছাড়া এনসিপির তরুণ সংসদ সদস্যরা হলেন ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম, রংপুর-৪ আসনে আখতার হোসেন, কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ, নারায়ণগঞ্জ-৪ আসনে আবদুল্লাহ আল আমিন ও কুড়িগ্রাম-২ আসনে আতিকুর রহমান মোজাহিদ।

বিএনপির তরুণ সংসদ সদস্যরা হলেন ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন, নাটোর-১ আসনের ফারজানা শারমীন পুতুল, গাজীপুর-২ আসনে এম মঞ্জুরুল করিম রনি ও পটুয়াখালী-৩ আসন থেকে গণ অধিকার পরিষদের নুরুল হক নুর।

জামায়াতে ইসলামীর তরুণ সংসদ সদস্যরা হলেন বাগেরহাট-২ আসনের শেখ মনজুরুল হক রাহাদ, শেরপুর-১ সদর আসনের হাফেজ রাশেদুল ইসলাম, পটুয়াখালী-২ আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ ও গাজীপুর-৪ আসনে সালাহ উদ্দিন। বাংলাদেশ খেলাফত মজলিসের তরুণ সংসদ সদস্য মাদারীপুর-১ আসনের সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘নো ইয়োর ক্যান্ডিডেট’ পোর্টালের তথ্যে দেখা যায়, এবারের নির্বাচনে মোট প্রার্থীর ২৭ দশমিক ৫৬ শতাংশের বয়স ছিল ২৫ থেকে ৪৪ বছরের মধ্যে। এর মধ্যে ২৫ থেকে ৩৪ বছর বয়সী প্রার্থীর হার ৯ দশমিক ৪১ শতাংশ। এটি ২০২৪ সালের নির্বাচনের ছিল ৩ দশমিক ৯৬ শতাংশ, ২০১৮ সালে শূন্য দশমিক ১৬ শতাংশ এবং ২০১৪ সালের নির্বাচনে এই বয়সী কোনো প্রার্থীই ছিল না। সেখান থেকে এবারের নির্বাচনে তরুণ প্রার্থীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত