ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে বিটিভিতে আজ প্রচারিত হবে লেখক-উপস্থাপক অধরা জাহানের সংগীতবিষয়ক ভিন্ন ভিন্ন দুটি অনুষ্ঠান।
একটি ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’, অন্যটি ‘ফাগুন মলাট’। অধরা জাহানের গ্রন্থনা, পরিকল্পনা এবং উপস্থাপনায় ফাগুনে মলাট অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ দুপুর ১২টা ৫০ মিনিটে।
অধরা জানান, একেবারে নতুন ১০টি গান দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। সব গানই লিখেছেন তিনি নিজেই। এর মধ্যে পাঁচটি গানের সুর-সংগীত আয়োজন করেছেন রাজেশ ঘোষ এবং বাকি পাঁচটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।
পুরো অনুষ্ঠানেই প্রতিটি গান নিয়ে আলোচনা করতে দেখা যাবে গীতিকার সুরকারদের, যা সচরাচর এভাবে দেখা যায় না।
অধরা জাহান বলেন, ‘একটি গানের প্রধান স্রষ্টা গীতিকার, তারপরেই সুরকার ও সংগীত পরিচালক। তারা যদি সুর-সংগীতের অলংকরণ না করেন, শিল্পী যত বিখ্যাতই হোক না কেন, শ্রোতাদের মনে বেশিদিন স্থায়ী হয়ে থাকতে পারেন না। শিল্পীর বাইরে একটি গানের পেছনের মানুষগুলোকে শ্রোতারা তেমন চেনেন না, জানেন না বেশিরভাগ সময়। দীর্ঘদিন ধরে আমি আমার কাজগুলোতে এই বিষয়টা ভাঙার চেষ্টা করে আসছি। গীতিকার হিসেবে একজন সুরকার সংগীত পরিচালককে পূর্ণ সম্মান দিতে পেরে সবসময় নিজেও সম্মানিত বোধ করি। আর রাজেশ, সুমন কল্যাণ দা দুজনই উঁচুমাপের সুরকার যে, তাদের সঙ্গে প্রথমবার কাজ করে আমি অনেক সমৃদ্ধ হয়েছি।
আমি তাদের কাছে কৃতজ্ঞ। পাশাপাশি কৃতজ্ঞ বাংলাদেশ টেলিভিশনের প্রতি এবং চ্যানেলটির জেনারেল ম্যানেজার নুরুল আজম পবন ভাইয়ের প্রতি।’
সংগীতশিল্পী রাজেশ ঘোষ বলেন, ‘এই কাজটি আমার কাছে অনেক আনন্দের। একই বিষয়ের ওপর এত গান নিয়ে কাজ এটাই প্রথম। আর আমাদের দেশে নারী গীতিকার নেই বললেই চলে, সেখান থেকে একজন নারী গীতিকারের অনুভূতিগুলো সুরের আঙিনায় সাজানোটাও আমার জন্য একটা অন্যরকম ভালো লাগার হয়ে থাকবে।’
সুমন কল্যাণ বলেন, ‘এই কাজটি করতে গিয়ে বারবার মনে হয়েছে অডিওর যুগে ফিরে গেছি। কাজের ধরন, আয়োজন সবকিছু মিলিয়ে নস্টালজিক হয়েছি বারবার। অধরা জাহান আমাদের অনেক জুনিয়র, তবে কাজে সেটা অনুভব করিনি, মনে হচ্ছিল আমরা আগে অনেক কাজ করেছি। পুরো কাজেই আমাদের বোঝাপড়াটা এমনই ছিল।’
ফাগুন মলাটে গান পরিবেশন করবেন প্রিয়াঙ্কা গোপ, আলম আরা মিনু পুতুল, রায়া, অনন্যা, পিয়াল হাসান, অয়ন চাকলাদার, অনিমেষ, স্বীকৃতি সোহেল মেহেদী এবং রুমানা ইতি।
আর ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’ অনুষ্ঠানের গানগুলো লিখেছেন অধরা জাহান, হোসনে আরা জলি এবং আলম আরা মিনু। সবটিরই সুর করেছেন আলম আরা মিনু নিজেই। এই অনুষ্ঠানটি নিয়েও বেশ আশা ব্যক্ত করেছেন এর উপস্থাপক অধরা জাহান।
