জামায়াত-এনসিপিকে অভিনন্দন জানালেন তারেক রহমান

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম

পাঁচ দশকের বেশি সময় পর দেশে পুনরায় গণতন্ত্রের সুযোগ সৃষ্টি হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জামায়াত ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে ইসলাম, গণঅধিকার পরিষদসহ ৫১টি রাজনৈতিক দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান।

বিএনপিকে নির্বাচনে বিজয়ী করার জন্য দেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের। আজ থেকে আমরা স্বাধীন।

তিনি আরও বলেন, আমি দেশের সব জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা দেশের গণতন্ত্রের পথ সুগম করেছি। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান ও দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন একটি পরিস্থিতির মধ্যদিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেড় দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং থাকবো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত