ফেনীর সোনাগাজীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সোহা নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি শনিবার সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর এলাকায় ঘটে।
এ সময় শিশুর বাবা সাইফুল ইসলাম ও মা সুমি আক্তার আহত হন। তারা উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বাসিন্দা। সাইফুল ইসলাম ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রভাতি শাখার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাগাজী থেকে সাইফুল ইসলাম মোটরসাইকেলযোগে স্ত্রী ও সন্তানকে নিয়ে মুহুরী প্রজেক্টে যাওয়ার পথে সোনাপুর এলাকায় পৌঁছলে সড়কের স্প্রিডবেকারে ধাক্কা লেগে দুর্ঘটরার কবলে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু সোহাকে মৃত ঘোষণ করেন। আহত সাইফুল ইসলাম ও তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন।
সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
