হোল্ডার-হোপে সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম

টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। রবিবার মুম্বাইয়ে নেপালকে ৯ উইকেটে হারিয়ে গ্রুপ পর্বে টানা তৃতীয় জয়ে শেষ আটে জায়গা করে নেয় ক্যারিবীয়রা।

ম্যাচে আগে ব্যাট করে নেপাল ২০ ওভারে তোলে ৮ উইকেটে ১৩৩ রান। রান তাড়ায় নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৫.২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়।

দলটির জয়ে বড় ভূমিকা রাখেন অধিনায়ক শেই হোপ ও শিমরন হেটমায়ার। দুজনের অপরাজিত জুটিতে কোনো চাপ ছাড়াই জয় নিশ্চিত হয়। হোপ ৪৪ বল খেলে ৫ চার ও ৩ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন। হেটমায়ার ৩২ বলে ৪৬ রান করেন, যেখানে ছিল ৪টি চার ও ২টি ছক্কা।রান তাড়ার শুরুতে ৪৩ রানের জুটি গড়ে দলকে ভালো ভিত্তি এনে দেন ব্র্যান্ডন কিং। তিনি ২২ রান করে আউট হন।

এর আগে নেপালের ইনিংসে শুরুটা ছিল নড়বড়ে। দলীয় ২৩ রানে চার উইকেট ও ৪৬ রানে পাঁচ উইকেট হারায় তারা। সেখান থেকে ইনিংস টেনে নেন দীপেন্দ্র সিং ঐরি ও সোমপাল কামি। দীপেন্দ্র ৪৭ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় করেন ৫৮ রান। সোমপাল ১৫ বলে করেন ২৬ রান।

এই হারে টানা তিন ম্যাচে পরাজয়ের মুখে পড়ে নেপালের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে। অন্যদিকে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে আগের দুই জয়ের সঙ্গে এই ম্যাচের জয় যোগ করে তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকেই সবার আগে সুপার এইটে উঠল ওয়েস্ট ইন্ডিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত