ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, প্রাণহানি ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিবৃতিতে এসব ঘটনার নিন্দা জানিয়ে রাজনৈতিক দল ও রাষ্ট্রের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আসক। বিবৃতিতে মুন্সীগঞ্জ, বাগেরহাটে সহিংসতায় দুজনের মৃত্যু, সিলেট, কুমিল্লা, নরসিংদী, ফেনী, গাজীপুর, নাটোর, ঝালকাঠি, নড়াইল, পাবনা, বগুড়া, ফরিদপুর, বরগুনা, ঝিনাইদহ, চাঁদপুর, পটুয়াখালী, কিশোরগঞ্জ, দিনাজপুরসহ বিভিন্ন জেলায় হামলার ঘটনায় দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে গণমাধ্যমের সংবাদের বরাতে জানিয়েছে আসক। এছাড়া নোয়াখালির হাতিয়ায় একজন নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে বলে উল্লেখ করে আসক।
বিবৃতিতে বলা হয়, প্রত্যেক নাগরিকের জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়বদ্ধতা। বিশেষ করে নারী, সংখ্যালঘু ও সামাজিকভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বের মৌলিক দায়িত্বের অংশ। কোনো ধরনের প্রতিশোধমূলক সহিংসতা, হামলা, দখল, ভীতি প্রদর্শন বা নারী নির্যাতনের ঘটনা যেন না ঘটে সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়ে আসক বলে, তারা যেন অবিলম্বে তৃণমূল পর্যায়ে কঠোর ও স্পষ্ট নির্দেশনা দেয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানিয়ে আসক বলে, প্রতিটি ঘটনা দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে বিচারপ্রক্রিয়ার আওতায় আনতে হবে। বিশেষ করে যৌন সহিংসতার ঘটনায় ভুক্তভোগীর নিরাপত্তা, চিকিৎসা, মানসিক সহায়তা ও আইনি সহায়তা নিশ্চিত করতে রাষ্ট্রকে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে।
