পাখি শিকার করায় যুবকের কারাদণ্ড

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২১ এএম

বন্দুক দিয়ে অবৈধভাবে পাখি শিকার করার অপরাধে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম জয়নাল আবেদীন। তিনি জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে।

জানা যায়, গতকাল সোমবার দুপুরে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা এলাকায় প্রকাশ্যে বন্দুক দিয়ে পাখি শিকার করছিলেন জয়নাল আবেদীন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড দেয়। পাখি শিকারে ব্যবহৃত বন্দুকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ছাড়া শিকার করা পাখিগুলো স্থানীয়ভাবে মাটিতে পুঁতে ফেলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত