তারেক রহমানের জন্য চা শ্রমিকদের বিশেষ প্রার্থনা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২১ এএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগানে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও সফলতার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন চা শ্রমিকরা। গতকাল সোমবার সনাতন ধর্মাবলম্বীদের শিব চতুর্দশী উপলক্ষে পূজা-অর্চনার পর তারা এই প্রার্থনায় অংশ নেন।

ভাড়াউড়া চা বাগানের বাসিন্দা সবুজ গড় বলেন, ‘মৌলভীবাজারে সমাবেশে এসে তারেক রহমান চা শ্রমিকদের কল্যাণে কাজ করার আশ্বাস দিয়েছেন। আমরা সবাই মিলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করেছি। এখন আমরা চাই, তিনি সুস্থ থেকে দেশ পরিচালনা করুন এবং শ্রমিকদের উন্নয়নে ভূমিকা রাখুন।’ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি বিজয় হাজরা দেশ রূপান্তরকে বলেন, ‘শিব চতুর্দশী সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই উপলক্ষে পূজা শেষে আমরা ভগবান শিবের কাছে তারেক রহমানের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত