ময়মনসিংহে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ এএম

ময়মনসিংহে ছিনতাইকারীদের কবলে পড়ে নিখোঁজ হওয়ার দুদিন পর গত শুক্রবার এক শিক্ষার্থীর মরদেহ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের মা কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও অন্যরা এখনো পলাতক। নিহত নুরুল্লাহ শাওন (২৬) ময়মনসিংহ নগরের আনন্দমোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চর জাকালিয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

জানা গেছে, গত বুধবার বিকেলে শাওন ও তার বন্ধু মঞ্জুরুল আহসান (রিয়াদ) নগরীর জয়নুল আবেদিন উদ্যান এলাকায় ঘুরতে গিয়ে ব্রহ্মপুত্র নদের বিপরীত চরে যান। সন্ধ্যা ৬টার দিকে অন্তত ৭ জনের একটি কিশোর দল তাদের ঘিরে ধরে সঙ্গে থাকা টাকা-পয়সা ও মালামাল দাবি করে। দুই বন্ধু জানান যে তাদের কাছে নৌকা ভাড়ার টাকা ছাড়া কিছু নেই, তখন তাদের মারধর করা হয়। একপর্যায়ে শাওন প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করা হয়।

পরিস্থিতি বেগতিক দেখে দুই বন্ধু দৌড়ে পালানোর চেষ্টা করেন। চারজন শাওনের পিছু নেয় এবং তিনজন মঞ্জুরুলকে ধাওয়া করে। মঞ্জুরুল নদে নেমে সাঁতরে পার হতে সক্ষম হলেও শাওন নিখোঁজ হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত