মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) নির্বাচন শেষে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় পা রেখেছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি কমলগঞ্জে এসে পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় আর অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হন।
রবিবার দুপুরে হাজী মুজিব কমলগঞ্জ সীমান্তে পৌঁছালে শত শত নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিশেষ করে নজর কেড়েছে স্থানীয় তরুণীদের অংশগ্রহণ। তারা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরে নবনির্বাচিত সংসদ সদস্যের স্ত্রী ও সন্তানদেরও ফুলেল শুভেচ্ছা জানান।
শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের নুরজাহান পয়েন্টে সংসদ সদস্যের গাড়ি বহর পৌঁছালে কয়েকশ মোটরসাইকেলের একটি বিশাল শো-ডাউন তাকে স্বাগত জানায়। মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে কমলগঞ্জের খোশালপুরস্থ নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হয়। পুরো রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে তাদের প্রিয় নেতাকে অভিনন্দন জানান। হাজী মুজিবও তার গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে সাধারণ মানুষের অভিবাদনের জবাব দেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় হাজী মুজিব বলেন, "এই ভালোবাসা আমার একার নয়, এই বিজয় কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের আপামর জনগণের। আপনাদের এই বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা আমি কাজের মাধ্যমে দিতে চাই। অবহেলিত জনপদগুলোর উন্নয়নে আমি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করব।"
ওসিকে গালাগাল করায় উপজেলা বিএনপির সভাপতি আটক