গাইবান্ধার গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে উদ্ধার হওয়া দুটি চোরাই গরু নিলামে বিক্রি করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে সর্বোচ্চ দরদাতা হিসেবে ব্যবসায়ি আনাতম হোসেন ৮০ হাজার ৭০০ টাকায় গরু দুটি কিনে নেন। তিনি উপজেলার কুড়িপাইকা গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।
এর আগে গত বছরের ১৮ ফেব্রুয়ারি উপজেলার বাগদা এলাকা থেকে চোরাই গরু দুটি উদ্ধার করে পুলিশ। এ সময় তিনজন চোরকেও হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় থানা পুলিশের এস আই আনিসুজ্জামান বাদি হয়ে চারজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
আদালতের সিএসআই শরিফ উদ্দিন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হাফিজুর রহমান চোরাই গরু দুটির মালিক পাওয়া যায়নি মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরই প্রেক্ষিতে আদালতের বিচারক গরু দুটি নিলামে বিক্রির আদেশ দেন।
তিনি আরও জানান, দশজন ক্রেতা গরু দুটি কিনতে আবেদন করেন। পরে বিকেল চারটায় গরু দুটি নিলামে তোলা হলে তা বিক্রি হয়। এ সময় আদালতের বিচারক এস এম গালিব হাসান, সি এস আই শরিফ উদ্দিন, কোর্ট জি আর ও হাকিকুরসহ অনেকেই উপস্থিত ছিলেন।
