মাদ্রিদ থেকে ভক্তদের আশ্বস্ত করলেন চোটাক্রান্ত রোনালদো

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০১:৪০ পিএম

সৌদি প্রো লিগে চোট পাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে শঙ্কা বেড়েই চলছিল। অবশেষে পর্তুগিজ সুপারস্টার নিজেই ভক্তদের আশ্বস্ত করলেন। স্পেনের মাদ্রিদে পুনর্বাসন প্রক্রিয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি লিখেছেন, ‘সুস্থ হয়ে উঠছি এবং ম্যাচের জন্য প্রস্তুত। এগিয়ে যাও, আল নাসর।’

ছবিতে দেখা যায়, চিকিৎসা টেবিলে বসে হাসিমুখে ‘থাম্বস আপ’ দেখাচ্ছেন রোনালদো। তার বাঁ পায়ে ছিল কমপ্রেশন বুট, যা সাধারণত পেশির চোটের চিকিৎসায় ব্যবহৃত হয়। গত শনিবার আল ফাইহার বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন রোনালদো। সেই ম্যাচে ৩–১ গোলে জয় পায় আল নাসর। তবে ম্যাচের ৮১তম মিনিটে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করলে তাকে মাঠ ছাড়তে হয়। পরে তার জায়গায় নামেন আবদুল্লাহ আল-হামদান।

চিকিৎসকরা পরীক্ষা করে জানান, রোনালদোর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। ফলে চলতি মৌসুমে তাকে কিছুদিন বিশ্রামে থাকতে হতে পারে। এই মৌসুমে রোনালদোর বড় লক্ষ্য ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করা। বর্তমানে তার গোলসংখ্যা ৯৬৫। ফলে একটি ম্যাচ মিস করাও তার সেই ঐতিহাসিক লক্ষ্যের পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তার সুস্থ হতে চার সপ্তাহ সময় লাগতে পারে বলেও শোনা যাচ্ছে।

চোটের চিকিৎসার জন্য দ্রুত মাদ্রিদে গেছেন রোনালদো। সেখানে তার ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে পুনর্বাসন চলছে। রোনালদোর চোট নিয়ে খুব নির্দিষ্ট সময়সীমা জানাতে চাননি আল নাসরের কোচ হোর্হে জেসুস। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানোর ইনজুরি আমাদের প্রত্যাশার চেয়ে একটু বেশি গুরুতর। তার বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন। প্রতিদিন তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত