শুরুতেই উত্তাপ ছড়াবে সংসদ

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৮:৪৩ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ বৃহস্পতিবার। বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দেশবাসীর প্রত্যাশার অধিবেশন শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে দেড় বছরেরও বেশি সময় পর বাংলাদেশে আবারও সংসদীয় গণতন্ত্রে যাত্রা শুরু হতে যাচ্ছে। চলতি সংসদকে কার্যকর, গঠনমূলক এবং অর্থবহ প্রতিষ্ঠানে পরিণত করতে দৃঢ়প্রতিজ্ঞ সরকারি দল ও বিরোধী দল। অতীত থেকে শিক্ষা নিয়ে সংসদকে কার্যকর করতে সরকার ও বিরোধী দল ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুরুতেই উত্তাপ ছড়াবে সংসদÑ এমন আভাসও পাওয়া গেছে।

প্রথম দিনের বৈঠকে কার্য উপদেষ্টা, প্রিভিলেজ কমিটি এবং হাউজ কমিটি গঠন করা হবে বলে জানান চিফ হুইপ। রাষ্ট্রপতির ভাষণ শেষে দিনের অধিবেশন মুলতবি করা হবে। খোঁজ নিয়ে জানা গেছে, রাষ্ট্রপতির ভাষণের সময়ে বিরোধী দল তা প্রত্যাখ্যান করে ওয়াক আউট করতে পারে। ডেপুটি স্পিকার নির্বাচনের পর পাঁচ সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত করা হবে। এদিকে প্রথম অধিবেশন কত দিন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটি গঠনের পর কমিটির বৈঠকে প্রথম অধিবেশনের সময়কাল ঠিক হবে। আজ বৃহস্পতিবার প্রথম দিনের অধিবেশন শেষে দুদিনের জন্য মুলতবি করা হবে। রবি ও সোমবার অধিবেশন হয়ে ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের ছুটির জন্য মুলতবি করা হবে। ঈদের ছুটি শেষে ২৯ মার্চ থেকে আবারও অধিবেশন বসতে পারে। এরপর আগামী এপ্রিল মাস জুড়ে তা চলবে।

সংসদ অধিবেশন প্রসঙ্গে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার দেশ রূপান্তরকে বলেন, অতীতে সংসদে গালিগালাজ, বাগড়ম্বর ছিলÑ এগুলো বাদ দিতে হবে। বিরোধী দলকে মর্যাদা দিয়ে অর্থবহ, কার্যকর সংসদ গড়ে তুলতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে এ সংসদকে। এ ক্ষেত্রে সরকারি দলের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানান সুজন সম্পাদক। তিনি বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতির সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে।

ছাত্র আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদকে বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। যদিও ওই সময় সংসদ অধিবেশন চলমান ছিল না। ওই সংসদের সর্বশেষ অধিবেশন বসেছিল ২০২৪ সালের ৩ জুলাই। সে হিসেবে ১ বছর ৮ মাস ৭ দিন পর আবারও বসতে যাচ্ছে সংসদের অধিবেশন।

সংসদের কাছে প্রত্যাশা কী জানতে চাইলে সংবিধান বিশেষজ্ঞ ও বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক দেশ রূপান্তরকে বলেন, কখনো সংসদের ধারেকাছে যাইনি। কারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সে সম্পর্কে ধারণাও নেই। তবে কার্যকর ও অর্থবহ সংসদের মধ্য দিয়ে দেশের মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব।

সংসদের প্রথম দিনের কার্যসূচি অনুযায়ী শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং শোকপ্রস্তাব উত্থাপন করা হবে। শোকপ্রস্তাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

এরপর অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করবেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ আজ সংসদে আইনমন্ত্রী উত্থাপন করবেন বলে জানিয়েছেন চিফ হুইপ। এগুলো যাচাই-বাছাইয়ের জন্য সব দলের সদস্যকে নিয়ে একটি ‘বিশেষ কমিটি’ গঠন করা হবে। এ কমিটি নির্ধারণ করবে কোন অধ্যাদেশগুলো বহাল থাকবে আর কোনগুলো ল্যাপস (বাতিল) হয়ে যাবে। প্রয়োজনীয় অধ্যাদেশগুলো পাস করার চেষ্টা করবে সরকারি দল।

এ প্রসঙ্গে ড. শাহদীন মালিক বলেন, অধ্যাদেশ নিয়ে সংবিধান ও আইন অনুযায়ী সংসদে আলোচনা করার সুযোগ নেই। সংসদীয় গণতন্ত্রে অধ্যাদেশ এক মাসের মধ্যে আপনাআপনি কার্যকারিতা হারায়।

অধিবেশনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন। এরপর কমিটি গঠন করবেন। সংবিধান অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী পূর্ববর্তী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে থাকে। কিন্তু দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করায় এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু জেলে থাকায় সে সুযোগ হচ্ছে না। এমন অবস্থায় বিএনপির জ্যেষ্ঠ যেকোনো সংসদ সদস্যের সভাপতিত্বে সভা শুরু হবে।

এ বিষয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ‘সংসদে যেহেতু স্পিকার ও ডেপুটি স্পিকার নেই, প্রথমে খালি চেয়ার দিয়ে শুরু করব। সংসদ নেতা সভায় সভাপতিত্ব করার জন্য জ্যেষ্ঠ কোনো নেতার প্রস্তাব করবেন, এরপর কোনো একজন সমর্থন করবেন এবং তিনিই সভার সভাপতিত্ব করবেন। সেখানে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করব।’

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের হাতে ছেড়ে দিয়েছেন বিএনপির সংসদীয় দলের সদস্যরা। বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে গতকাল নুরুল ইসলাম মনি বলেন, ‘স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, তিনিই সিদ্ধান্ত দেবেন, আগামীকালকে (আজ) আমরা জানতে পারব। সংসদ উপনেতার বিষয়েও সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।’

বিএনপির একাধিক সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে দেশ রূপান্তরকে বলেন, স্পিকার হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মুক্তিযুদ্ধমন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের নাম আলোচনায় আছে।

জামায়াতের পক্ষ থেকে ডেপুটি স্পিকার মনোনয়ন না দিলে বিএনপির পক্ষ থেকে ডেপুটি স্পিকার মনোনয়ন দেওয়া হবে। এ ক্ষেত্রে ডেপুটি স্পিকার হিসেবে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এবং পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের নাম আলোচনায় আছে।

বিএনপির পক্ষ থেকে জামায়াতকে ডেপুটি স্পিকার দেওয়ার প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, তারা অনানুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন, যোগাযোগ করেছেন। আমরা তাদের ধন্যবাদ জানাই। আমরা চাই জুলাই জাতীয় সনদ পুরোপুরি বাস্তবায়ন হোক। সেটার আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা, অতটুকু চাই, এর বেশি চাই না। ওই প্রস্তাবেই আছে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন, আমরা খণ্ডিত আকারে এটা চাচ্ছি না। আমরা চাই প্যাকেজ। সেটা গ্রহণ হোক, বাস্তবায়ন হোক।

গত ১২ ফেব্রুয়ারি ২৯৯ আসনে নির্বাচন হয়। আদালতের নিষেধাজ্ঞা থাকায় চট্টগ্রাম ২ ও ৪ আসন বাদে ২৯৭ আসনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোট ২১২, জামায়াত জোট ৭৭, স্বতন্ত্র ৭ এবং ইসলামী আন্দোলন ১টি আসনে বিজয়ী হয়। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন। তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের শপথ নেন। বর্তমান ২৯৬ সংসদ সদস্যের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ ২১৯ জনই প্রথমবারের মতো সংসদে যোগ দিচ্ছেন। এর মধ্যে বিএনপির ১৪২, জামায়াতের ৬১, এনসিপির ছয়জন, বাংলাদেশ খেলাফত মজলিস ২, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ এবং ইসলামী আন্দোলনের একজন করে এমপি প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। বাকিরা স্বতন্ত্র সংসদ সদস্য।

সর্বশেষ সর্বাধিক পঠিত