ভারতের ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগ আইপিএলের নতুন মৌসুম শুরু হবে আগামী ২৮ মার্চ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।
গত বছরের শিরোপা উদ্যাপনের সময় পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনার পর স্টেডিয়ামটিতে ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে কর্নাটক সরকার স্টেডিয়ামটিতে আইপিএল ম্যাচ আয়োজনের অনুমতি দেয়। তবে ম্যাচ আয়োজনের আগে একটি বিশেষজ্ঞ কমিটি স্টেডিয়াম পরিদর্শন করবে।
আগামী ১৩ মার্চ সেখানে ম্যাচ আয়োজনের প্রস্তুতি যাচাই করতে পূর্ণাঙ্গ মহড়া (মক ডেমোনস্ট্রেশন) চালানো হবে। উদ্বোধনী সপ্তাহের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এবার উদ্বোধনী সপ্তাহে ডাবল হেডার রাখা হয়নি।
ভারতের কয়েকটি রাজ্যে নির্বাচন থাকায় আইপিএল কর্তৃপক্ষ সূচি ঘোষণা করছে দুই ধাপে। প্রথম ধাপে প্রকাশ করা হয়েছে ২০টি ম্যাচের সূচি। এই ধাপে সব ১০টি দল চারটি করে ম্যাচ খেলবে। সাধারণত আইপিএলে ১০টি দলকে দুইটি ভার্চুয়াল গ্রুপে ভাগ করা হয়। নিজেদের গ্রুপের দলের সঙ্গে দুটি করে এবং অন্য গ্রুপের দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলে দলগুলো।
আইপিএলের ইতিহাসে এটি দ্বিতীয়বার, যখন মৌসুমের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু ও হায়দরাবাদ। এর আগে ২০১৭ সালে এমনটি হয়েছিল। হায়দরাবাদের জন্য এটি দ্বিতীয়বারের মতো আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলা, আর বেঙ্গালুরুর জন্য এটি সপ্তমবার। এছাড়া এই মৌসুমে কয়েকটি দলের বিকল্প হোম ভেন্যুও রাখা হয়েছে। বেঙ্গালুরু দুটি ম্যাচ খেলবে রায়পুরে, আর পাঞ্জাব কিংস তিনটি ম্যাচ খেলবে ধর্মশালায়।
হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা ‘অবমাননার’ অভিযোগ!
মেসির ৯০০ গোল হলো না, প্রতিপক্ষের মাঠে হোঁচট খেল মায়ামি