সেলফি তুলতে গিয়ে প্রাণ হারালেন দুই যুবক

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৭:৫০ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরের পর পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া এলাকার আকতার হোসেনের ছেলে ফয়সাল কবির (২৫) এবং একই উপজেলার আব্দুল লতিফ প্রামাণিকের ছেলে আলফে সানি (২৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লাপাড়ার ঘাটিনা রেলওয়ে সেতুর ওপর দাঁড়িয়ে দুই যুবক সেলফি তুলছিলেন। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি সেতুতে পৌঁছালে তারা ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এতে ফয়সাল কবির ঘটনাস্থলেই মারা যান। আহত আলফে সানিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, বসন্ত মৌসুমে শিমুল ফুলের সৌন্দর্য দেখতে ঘাটিনা রেলসেতু এলাকায় প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় থাকে। অনেকেই এখানে এসে টিকটক ভিডিও তৈরি করেন এবং রেলসেতুর ওপর উঠে ছবি তোলেন। ট্রেন চলাচলের সময় অনেককে ঝুঁকি নিয়ে ট্রেনের পাশেই দাঁড়িয়ে ছবি তুলতেও দেখা যায়।

এলাকাবাসী আরও জানান, গত বুধবার (১১ মার্চ) একই সেতুতে চলন্ত ট্রেন চলে এলে এক যুবক কোনোভাবে সেতুর পাশে সরে গিয়ে প্রাণে রক্ষা পান। এর একদিন পরই একই স্থানে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হলো।

এ বিষয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত