গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিএনজি ব্যবহার করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি, একটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে টঙ্গীর দক্ষিণ আরিচপুর বাটা গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো— মো. রিপন হোসেন (২৮), মো. রাব্বি হোসেন (২৭), রাব্বি রানা (৩২) ও ফারুক হোসেন (৪৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান।
পুলিশ জানায়, আটককৃতরা সিএনজি ব্যবহার করে মহাসড়কে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার এএসআই মোক্তার হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে টঙ্গীর দক্ষিণ আরিচপুর বাটা গেইট এলাকা থেকে তাদের হাতে-নাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি, একটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আটককৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, মহাসড়কে ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
বিসিবির সভাপতি হতে চান তামিম ইকবাল 