পার্বতীপুরে জামাইয়ের লাশ উদ্ধার, পলাতক শ্বশুরবাড়ির লোকজন!

আপডেট : ১২ মার্চ ২০২৬, ১০:২৬ পিএম

পার্বতীপুরে আমগাছ থেকে তোজাম্মেল হক নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনা সূত্রে জানা গেছে, একদিন আগে শ্বশুরবাড়ির ফোন পেয়ে ছুটে আসেন জামাই তোজাম্মেল হক (৩২)। পরেরদিন চন্ডিপুর ইউনিয়নের হাবড়া তিলাই নদী ব্রিজ সংলগ্ন বৈরাগী শ্মশান ঘাটের আমগাছে পাওয়া গেল তার ঝুলন্ত লাশ। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন বাড়ী ছাড়া।

এ ঘটনা প্রসঙ্গে তোজাম্মেল হকের দুলাভাই রবিউল ইসলাম বলেন, বাড়ীর কাউকে না জানিয়ে একদিন (১১ মার্চ) আগে ফোন পেয়ে তোজাম্মেল শ্বশুরবাড়ি যায়। এরপর তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়ি থেকে থেকে ফোন আসে তোজাম্মেল হকের লাশ আমগাছে ঝুলন্ত অবস্থা পাওয়া গেছে। আজ স্ত্রী মনিরা (২৮) ও জামাই তোজাম্মেল (৩২) কাজের সন্ধানে ঢাকা যাওয়ার কথা ছিল বলে জানান তিনি।

জানা যায় প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর উত্তরপাড়া গ্রামের খড় ব্যবসায়ী মোকছেদুল ইসলামের মেয়ে মনিরার (২৮) সাথে বিরামপুর উপজেলার টাটোকপুর গ্রামের মজিবুর রহমানের ছেলের বিয়ে হয়। বিয়ের পর থেকে মেয়ে বাপের বাড়ীতে অবস্থান করছিল। মনিরা আগের স্বামীর ঘরে একটি কন্যা সন্তান আছে।  

চন্ডিপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নিরেন্দ্রনাথ রায় বলেন, ঘটনার পর থানা থেকে পুলিশ আসে। এরপর  থেকে ছেলের শ্বশুর-শাশুড়ি ও স্ত্রী বাড়ী ছাড়া। কাউকে পাওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, মেয়ের বাবা মোকছেদুল এর আগে বিচার-শালিস করে তাদের একত্রে করার চেষ্টা করা হয়েছে। কিন্তু মেয়ে শ্বশুরবাড়ি যায় না। মেয়ের আগের ঘরের একটি কন্যা সন্তান রয়েছে। মেয়ের বাবা আলাদা করার প্রস্তাব দিয়ে আসছিল। 

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের হাবড়া তিলাই নদী ব্রিজ সংলগ্ন বৈরাগী শ্মশান ঘাট এলাকার আমগাছে ঝুলন্ত অবস্থায় মো. তোজাম্মেল হকের মরদেহ উদ্ধার করে ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. নজরুল ইসলাম বলেন, বুধবার দিবাগত রাতে যে কোন সময় ঘটনাটি ঘটতে পারে। তবে, নিহতের দুলাইভাই রবিউল ইসলাম বলেন, পার্বতীপুর মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। আজ বৃহস্পতিবার (১২মার্চ) রাত সাড়ে ৯টায় এ রির্পোট লেখা পর্যন্ত পার্বতীপুর মডেল থানায় মামলা হয়নি।  পার্বতীপুর মডেল থানা ভারপ্রাপ্ত (ওসি) মো. আ: ওয়াদুদ জানিয়েছেন, মামলার প্রস্তুতি চলছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত