হাওরে বজ্রপাতে ২ মৃত্যু

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৪:৩৯ পিএম

নেত্রকোনার হাওরবেষ্টিত উপজেলা খালিয়াজুরীতে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার বাজন্তি হাওরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন উপজেলার চাকুয়া ইউনিয়নের চাকুয়া গ্রামের রাজেন্দ্র দাসের ছেলে সুধীর দাস (৪৩), পেশায়  কৃষক ও দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের আলমপুর গ্রামে আকাশ মিয়া (২৫)।  

স্থানীয় ও পুলিশ জানায়, হাওরাঞ্চলে বোরো ফসলের ভরা মৌসুম চলায় কৃষকরা চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন। শুক্রবার দুপুরে অন্যান্য কৃষকদের মতো সুধীর দাসও বাজন্তি হাওরে নিজের জমিতে কাজ করতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় কৃষকরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রাজমিস্ত্রি আকাশ মিয়া। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বৃষ্টি থামলে স্থানীয়রা ধানক্ষেতে আকাশ মিয়াকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। তাদের শরীরের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বজ্রপাতেই মৃত্যু হয়েছে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, নিহতের শেষকৃত্য সম্পন্নের জন্য সরকারিভাবে জরুরি আর্থিক সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত