বিজ্ঞানের জয়যাত্রা অনন্য উচ্চতায় পৌঁছাল। ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া এবং মিশিগানের বিজ্ঞানীরা যৌথভাবে তৈরি করলেন বিশে^র ক্ষুদ্রতম প্রোগ্রামেবল এবং স্বয়ংক্রিয় রোবট। আকারে যেন একটি অণুজীবের মতো। অথচ এই খুদে যন্ত্রগুলো নিজেই সিদ্ধান্ত নিতে পারে। গবেষণার প্রধান গবেষক মার্ক মিসকিন বলেন, ‘আমরা স্বয়ংক্রিয় রোবটকে আগের তুলনায় ১০ হাজার গুণ ছোট করেছি। এটি রোবট বিজ্ঞানে এক নতুন দিগন্ত খুলে দিল।’ এই রোবটগুলো চলে সৌরশক্তির সাহায্যে। আলোর স্পন্দন ব্যবহার করে এদের শক্তি অর্জন এবং প্রোগ্রাম করা হয়। একটি স্মার্টওয়াচের তুলনায় এটি ১ লাখ গুণ কম বিদ্যুৎ খরচে কাজ করতে পারে। রোবটগুলো শরীরের ভেতরে ঢুকে সরাসরি কোষের ওপর নজর রাখতে পারবে। তখন কোন শারীরিক সমস্যা আছে কিনা, তা সহজেই ধরা পড়বে। মানুষের হাতের পক্ষে যা করা অসম্ভব, এই খুদে রোবটগুলো তা সহজেই করে দেবে। মজার ব্যাপার হলো, একেকটি রোবটের একেক রকম নাম বা নম্বর (আইডি) থাকায় সবাইকে আলাদা আলাদা কাজ করার নির্দেশ দেওয়া সম্ভব। সবচেয়ে অবাক করা বিষয় হলো, অত্যাধুনিক এই রোবটগুলোর একেকটি তৈরি করতে খরচ পড়বে মাত্র এক সেন্ট। ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের সহযোগিতায় এই উদ্ভাবন আগামীতে প্রযুক্তির দুনিয়ায় বড় বদল আনতে চলেছে।
