মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তেল স্থাপনায় হামলার হুমকি ইরানের

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৪:০১ পিএম

খারগ দ্বীপে মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত তেল ও জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইরান। খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদফতরের এক মুখপাত্র এ সতর্কবার্তা দিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, যদি ইরানের তেল অবকাঠামোর ওপর আঘাত হয়, তাহলে অঞ্চলের সব তেল ও জ্বালানি স্থাপনায় হামলা চালানো হবে, বিশেষ করে যেগুলোর সঙ্গে মার্কিন স্বার্থ বা অংশীদারিত্ব জড়িত। 'এই হামলার জবাবে যুক্তরাষ্ট্রের স্বার্থে থাকা স্থাপনা ধ্বংস হয়ে ছাইয়ে পরিণত হবে ',বলেন তিনি।

এর আগে শুক্রবার (১৩ মার্চ) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে খারগ দ্বীপে মার্কিন হামলার দৃশ্য দেখা যায়। সিএনএনও ভৌগোলিক বিশ্লেষণের মাধ্যমে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানি গণমাধ্যম জানায়, মার্কিন হামলার পরও খারগ দ্বীপের তেল অবকাঠামো অক্ষত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত