ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রম শুরু

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৭:৫০ এএম

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সরকার ইতিমধ্যে প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে কাজ শুরু করেছে। এ বিষয়ে প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।

ময়মনসিংহ : ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম বাস্তবায়নে একজন সংসদ সদস্য হিসেবে সরকারি সম্মানী ভাতা বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি ময়মনসিংহ-৪ (সদর) সংসদীয় আসনের সংসদ সদস্য। গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রম যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, বাস্তবে সফল করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত নানা রোগ প্রতিরোধে প্রতি শনিবার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল সকালে জেলা শহরের হেলিপ্যাড এলাকা এবং মার্কাস মসজিদসংলগ্ন খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। পাশাপাশি হাসপাতাল এলাকার বিভিন্ন ড্রেন ও ঝোপঝাড়ে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা জুড়ে জনসচেতনতা বাড়াতে জেলা তথ্য অফিস দিনব্যাপী মাইকিংয়ের ব্যবস্থা করেছে।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার ব্রিজসংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে সচিত্র লিফলেট বিতরণ করা হয় এবং এলাকাবাসীকে সরাসরি পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়।

পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বোদা পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ আয়োজনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। প্রতিমন্ত্রী আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আজ থেকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু হলো।

নাটোর : নাটোরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা কালেক্টরেট ভবন চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় বক্তারা বলেন, আমাদের লক্ষ্য জনসচেতনতা সৃষ্টি করা। সাধারণ মানুষ সচেতন হলে পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে ডেঙ্গুজ¦রে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে। যুগপৎভাবে ফগার মেশিনে মশক নিধন কার্যক্রম চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত