জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ফিলিং স্টেশনে তেল না পেয়ে সড়ক অবরোধ করেছেন স্থানীয় জনগণ ও মোটরসাইকেল চালকরা। গতকাল শনিবার দুপুরের দিকে উপজেলার বকশিগঞ্জ পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘ সময় ধরে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে তেল সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েন মোটরসাইকেলসহ অন্য যানবাহনের চালকরা। এতে ক্ষুব্ধ হয়ে চালকরা সড়কে নেমে প্রতিবাদ জানায়। এতে প্রায় ১৮ থেকে ২০ মিনিট রাস্তা অবরোধ করে রাখেন। এ সময় সড়কের উভয় পাশে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং কিছুটা যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মঞ্জুরুল হক বলেন, গত শুক্রবার রাত থেকে পাম্পে তেল না থাকায় কিছুটা জটলা লেগে যায়। এরপর গতকাল সকালেও তেমনই দেখা যায়। এ সময় বাইকাররা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা তাদের সরিয়ে দেয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।