মৌলভীবাজারের কুলাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ নানা অনিয়মের দায়ে ‘ডাইনিং ডিলাইট’সহ তিনটি প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তবে এ অভিযানের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টের মালিক ফজলে আবিদ খান।
ফেসবুকে তিনি সাংবাদিকদের ‘দালাল’ ও ‘হলুদ সাংবাদিক’ আখ্যা দিয়ে বিভিন্ন কটূক্তি করায় বিষয়টি নিয়ে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এবিষয়ে প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম বলেন, অপরাধ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের উদ্দেশ্য করে অযাচিত বক্তব্য ও হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার উচিত ছিল নিয়মতান্ত্রিকভাবে আইনের আশ্রয় নেওয়া।
সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাইদ ফুয়াদ বলেন, প্রেস বিজ্ঞপ্তির তথ্যের বাইরে কোনো শব্দ বা মন্তব্য সংবাদে ব্যবহার করা হয়নি। অনিয়ম করার পরও সাংবাদিকদের ‘হলুদ’ বা ‘দালাল’ বলা সম্পূর্ণ অযৌক্তিক।
এনিয়ে আরও অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন তারা হলেন কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল সেনগুপ্ত, বর্তমান সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, টিম জার্নালিস্টের উপদেষ্টা মোক্তাদির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মছব্বির আলী, কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর দীপংকর ব্রহ্মচারী, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
গত ১১ মার্চ সকালে কুলাউড়া পৌর শহরে সমন্বিত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিদ হোসেন। অভিযানে ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টে কাচ্চিতে রঙ ব্যবহার, সিংকে গোশত ধোয়া, মেয়াদোত্তীর্ণ বান সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার, বাসি খাবার ফ্রিজে রাখা, কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ, রেস্টুরেন্ট লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং কর্মীদের নির্ধারিত পোশাক না থাকার মতো একাধিক অনিয়ম ধরা পড়ে। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে বিকেল সাড়ে ৫টার দিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয় থেকে সাংবাদিকদের ইমেইলে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে অভিযানে ধরা পড়া অনিয়ম ও জরিমানার বিস্তারিত তথ্য উল্লেখ করা হয় এবং অভিযানের বেশি কয়েকটি ছবিও পাঠানো হয়। পরবর্তীতে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর ডাইনিং ডিলাইটের মালিক ফজলে আবিদ খান প্রবাস থেকে ফেসবুক লাইভে এসে বিভিন্ন গণমাধ্যমকে ‘দালাল’ ও ‘ভুয়া’ বলে আখ্যা দিয়ে বিভিন্ন কটূক্তি করেন।
