জামালপুরের মেলান্দহ উপজেলায় ইয়াবাসহ আটক আনিছুর রহমান ও এনামুল হক নামে ছাত্রদলের সেই দুই নেতাকে দলীয় পদ থেকে বহিস্কার করেছেন উপজেলা ছাত্রদল। মঙ্গলবার (১৭মার্চ) রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান শিপলু ফকির ও সদস্য সচিব রকিব হাসান রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই নেতার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আনিছুর রহমান ও একই ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক এনামুল হককে সাংগঠনিক পদ থেকে অব্যহতি দেওয়া হলো। একই সাথে তাদের সঙ্গে নেতাকর্মীর কোনো ধরনের সাংগঠনিক সর্ম্পক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান শিপলু ফকির বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তাদের দুইজনকে বহিষ্কার করা হয়েছে। দল কিংবা সাংগঠনিক পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।
উল্লেখ্য, গত সোমবার (১৬মার্চ) রাতে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আনিছুর রহমান ও একই ইউনিয়নের ২ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক এনামুল হককে ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। ছাত্রদল নেতাদের ইয়াবাসহ আটক করার বিষয়টি মঙ্গলবার (১৭মার্চ) নিশ্চিত করেন জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ডিবি) আব্দুল কাইয়ুম।
জামালপুর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, গতকাল রাতে ৪০ পিস ইয়াবাসহ দ আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের কোর্টে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন।
