জামালপুরে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৩:১২ এএম

জামালপুরের মেলান্দহ উপজেলায় ফিতরার টাকা দেওয়ার কথা বলে ৫৭ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলার পর আব্দুল গফফার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭মার্চ) সকালে ওই ব্যক্তিকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানো আদেশ দেন। অভিযুক্ত আব্দুল গফফার মেলান্দহ উপজেলার জগৎপাট্টা এলাকার বাসিন্দা। এরআগে রবিবার (১৫মার্চ) বেলা ২টা ৩০ মিনিটের দিকে এই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানায় ভুক্তভোগী বৃদ্ধা।

অভিযোগে উল্লেখ করা হয়, পবিত্র রমজান মাসে যাকাত ও ফিতরার সহায়তা নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন ভুক্তভোগী ওই বৃদ্ধা। ফিতরা ও যাকাতের টাকা সংগ্রহের উদ্দেশ্যে ওই এলাকায় গেলে অভিযুক্ত গফফার তাকে ফিতরার টাকা দেওয়ার কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান। পরে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে গফফার তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই বৃদ্ধা। এরপর কোনোভাবে সেখান থেকে বের হয়ে বাড়িতে ফিরে বিষয়টি স্থানীয় লোকজন ও স্বজনদের জানান তিনি।

বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের আশ্বাস পেলেও কোনো সুরাহা না হওয়ায় পরিবারের সদস্যদের পরামর্শে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ওবায়দুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর গতকাল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত