ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন। এর আগে মঙ্গলবার ইসরায়েল দাবি করেছিল, তারা একটি লক্ষ্যভেদী হামলার মাধ্যমে আলী লারিজানিকে হত্যা করেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান ও ইসলামি বিপ্লবের উন্নতির জন্য আজীবন সংগ্রামের পর তিনি অবশেষে তাঁর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করেছেন, সত্যের ডাকে সাড়া দিয়েছেন এবং অত্যন্ত গৌরবের সাথে দায়িত্ব পালনরত অবস্থায় শাহাদাতের বরকতময় মর্যাদা লাভ করেছেন। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম এ কথা জানায়। বিবৃতিতে বলা হয়, সোলাইমানি আমেরিকান-জায়নিস্ট শত্রুদের হামলায় নিহত হয়েছেন।এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ দাবি করেন, পৃথক হামলায় ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি ও বাজিস কমান্ডার সোলাইমানিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।আইআরজিসির বিবৃতিতে সোলাইমানির নিহতের কথা জানানো হলেও আলী লারিজানির বিষয়ে কিছু বলা হয়নি।
