যুদ্ধের কারণে ওমরাহ করতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৬ এএম

মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে পবিত্র ওমরায় যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের পরপরই সপরিবারে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তার ওমরায় যাওয়ার পরিকল্পনা ছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেই সফর বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাত ক্রমে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্চের শুরুতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে উত্তেজনার সূত্রপাত হয়। এর পরিপ্রেক্ষিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও লেবাননসহ বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায় ইরান। ফলে পুরো অঞ্চলজুড়ে অস্থিরতা বিরাজ করছে।

এদিকে, সৌদি আরবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন বাংলাদেশি নিহত এবং আরও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ প্রেক্ষাপটেই নিরাপত্তার কথা বিবেচনা করে আপাতত ওমরা সফর স্থগিত করা হয়েছে প্রধানমন্ত্রীর। সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দেশ রূপান্তরকে বলেন, ‘ইরান যুদ্ধের কারণে ওমরায় যাওয়া হলো না। ঈদের সময় যাওয়ার জন্য সৌদি আরবের সঙ্গে আমাদের কথা ছিল। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আমিও যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। তবে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী ওমরা পালন করবেন।’ এর আগেও ২০২৫ সালের ডিসেম্বরে লন্ডন থেকে দেশে ফেরার আগে তারেক রহমানের ওমরায় যাওয়ার বিষয়টি আলোচনায় ছিল। তবে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তখনো সফরটি বাস্তবায়িত হয়নি। পরে তিনি লন্ডন থেকে সরাসরি ঢাকায় ফিরে আসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত