লৌহজংয়ে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০১:২৮ পিএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে হোটেল ব্যবসায়ী দেলোয়ার হোসেনের (৪৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বৌলতলী ইউনিয়নের নওপাড়া বাজার সংলগ্ন উদয় ক্লোডস্টোরের সামনে গলায় মাফলার পেঁচানো ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। 

লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি নওপাড়া বাজারের হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে জানা যায় ঋণগ্রস্ত থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করছে পরিবার। তাকে গাছের মধ্যে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে। শরীরের কোন ধরনের ক্ষত বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সেহেরির সময় ছেলে ও দেলোয়ার এক সঙ্গে সেহেরি খেয়েছে। এরপর থেকে সে নিখোঁজ। সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বাকিটা বুঝা যাবে। সে সঙ্গে থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলমান রয়েছে।

নিহত দেলোয়ার হোসেন পার্শ্ববর্তী উপজেলার তন্তর ইউনিয়নের বাসিন্দা।

সর্বশেষ সর্বাধিক পঠিত