দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ফিরেই দেশটির অভিবাসননীতি কঠোর করেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসন অবৈধ অভিবাসী বিতাড়নের নামে একের পর এক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। এবার অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগে নতুন প্রণোদনামূলক কর্মসূচি হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার নতুন এই কর্মসূচির কথা জানায় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। এতে বলা হয়েছে, ভারত, চীন ও কলম্বিয়ার অভিবাসীরা নিজ দেশে ফিরতে ২ হাজার ৬০০ ডলার পর্যন্ত প্রণোদনা পাবেন। শুধু আর্থিক সহায়তা নয়, দেশে ফিরে গেলে বিমানের টিকিটের টাকাও দেবে ট্রাম্প প্রশাসন।
স্বেচ্ছায় প্রত্যাবাসনের ক্ষেত্রে চার ধরনের প্রণোদনার কথা বলেছে ডিএইচএস। এর মধ্যে রয়েছে অপরাধমূলক কর্মকাণ্ড নেই, এমন অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্র ছাড়তে চাইলে তাদের আটক করা বা আইন প্রয়োগের ক্ষেত্রে শিথিলতা দেখানো হবে; যেসব অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র ছাড়বেন, তাদের দেশ না ছাড়ার কারণে আরোপিত জরিমানা মওকুফ করা হবে। চাইলে তাদের দ্রুত দেশে ফেরার ব্যবস্থাও করা হবে; অভিবাসীদের সাধারণ যাত্রীর মতো নিজ দেশে ফেরার সুযোগ দেওয়া হবে। তাদের গ্রেপ্তার, আটক বা শারীরিক হয়রানি করা হবে না। যুক্তরাষ্ট্র ছাড়ার চূড়ান্ত আদেশের পরেও যদি কেউ তা অমান্য করে জরিমানার মুখে পড়েন, স্বেচ্ছায় ফেরার ক্ষেত্রে সেই জরিমানাও মওকুফ হবে।
