৯০০ গোলের মাইলফলকে ফুটবল জাদুকর; বাম পায়েই সাড়ে সাতশ!

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১২:৪৭ পিএম

লিওনেল মেসি—নামটাই যেন রেকর্ডের সমার্থক। ৩৮ বছর বয়সে এসেও তার গোলক্ষুধা কমেনি এতটুকু। বুধবার কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে জালের দেখা পেয়ে ক্যারিয়ারের ৯০০তম গোলটি পূর্ণ করেছেন এই ‘এলএম টেন’। ফুটবল ইতিহাসে অফিশিয়াল ম্যাচে ৯০০ গোল করা মাত্র দ্বিতীয় ফুটবলার তিনি।

মেসির এই অতিমানবীয় ক্যারিয়ারের গোলগুলো বিশ্লেষণ করলে দেখা যায় তার বাম পায়ের অবিশ্বাস্য কারুকাজ। 'অপটার তথ্য অনুযায়ী মেসি ৯০০ গোলের মধ্যে বাম পায়ে গোল ৭৫৫টি, ডান পায়ে গোল ১১১টি, হেড থেকে গোল ৩০টি ও অন্যান্য ৪টি। পজিশন হিসেব করলে বক্সের ভেতর থেকে ৭২৪টি, বক্সের বাইরে থেকে: ১৭৬টি, ফ্রি-কিক থেকে: ৭০টি এবং পেনাল্টি থেকে করেছেন ১১২টি।

মেসির ক্যারিয়ারের সিংহভাগ সময় কেটেছে বার্সেলোনায়। সেখানে ৭৭৮ ম্যাচে তিনি করেছেন রেকর্ড ৬৭২ গোল। এরপর পিএসজিতে দুই মৌসুমে করেছেন ৩২ গোল। বর্তমানে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি উড়ছেন; যুক্তরাষ্ট্রের এই ক্লাবের হয়ে মাত্র ৯২ ম্যাচে ইতিমধ্যে ৮১ গোল করে ফেলেছেন তিনি। এছাড়া আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে তার গোল সংখ্যা ১১৫টি।

মেসির গোলবন্যার সবচেয়ে বেশি শিকার হয়েছে স্প্যানিশ ক্লাবগুলো। তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি গোল হজম করা দলগুলো হলো সেভিয়া (২৫ গোল), অ্যাথলেটিক ক্লাব (২৪ গোল) এবং অ্যাটলেটিকো মাদ্রিদ (২৩ গোল)। মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে ৯৬৫ গোল নিয়ে সবার উপরে রয়েছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে রোনালদো প্রথম খেলোয়াড় হিসেবে ৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন।

উল্লেখ্য, পেলে বা রোমারিও ১০০০ গোলের দাবি করলেও দাপ্তরিক বা অফিশিয়াল পরিসংখ্যানে মেসি ও রোনালদোই একমাত্র ফুটবলার যারা ৯০০-র কোটা পার করেছেন। মেসির ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল বছর ছিল ২০১২। সেই এক ক্যালেন্ডার বছরেই তিনি করেছিলেন ৯১ গোল, যা ফুটবল ইতিহাসে এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড।

ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো তার প্রাক্তন সতীর্থের এই সাফল্যে মুগ্ধ হয়ে বলেন, “৯০০ সংখ্যাটা শুনলেই মাথা ঘুরে যায়। লিও সত্যিই অনন্য, ওর মতো আর কেউ হবে না।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত