চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সিন্ডিকেটে ডিন ক্যাটাগরির শিক্ষক প্রতিনিধি ও প্রোভোস্ট ক্যাটাগরির শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিত করেছে কতৃপক্ষ। দায়িত্ব গ্রহণের পরপরই নবনিযুক্ত উপাচার্যের এক নির্বাহী আদেশে সিন্ডিকেট নির্বাচন স্থগিত করা হয়। প্রশাসনের এমন সিদ্ধান্তে সংশ্লিষ্টদের মধ্যে সমালোচনা শুরু হয়েছে।
১৯ মার্চ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম স্বাক্ষরিত দুটি বিজ্ঞপ্তিতে এ স্থগিত আদেশ দেওয়া হয়।
রেজিস্ট্রার স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, "সিন্ডিকেটে ডিন ক্যাটাগরির শিক্ষক প্রতিনিধি নির্বাচন ও সিন্ডিকেটে ডিন ক্যাটাগরির শিক্ষক প্রতিনিধি নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যবলী অনিবার্য কারণবশত স্থগিত ঘোষণা করা হলো।"
এর আগে প্রশাসন নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ এপ্রিল ডিন ক্যাটাগরির একজন প্রতিনিধি সিন্ডিকেট সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার কথা ছিল।
এদিকে বিশ্ববিদ্যালয়ের The Chittagong University Act, 1973 অনুযায়ী ডিন নিয়োগ নির্বাচন প্রক্রিয়ায় থাকলেও বর্তমানে ডিন নির্বাচনের পরিবর্তে জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে অন্তর্বর্তীকালীনভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এই পরিস্থিতিতে সিন্ডিকেটে ডিন ক্যাটাগরির প্রতিনিধি নির্বাচনের ঘোষণা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি হয়। অনেকে এটিকে আইনবহির্ভূত বলে দাবি করলেও দায়িত্বে থাকা কিছু ডিন এর বৈধতা নিয়ে ভিন্ন মত দিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, “নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর তারা সবকিছু নতুনভাবে বিবেচনা করছে। নতুন উপাচার্যের নিজস্ব পরিকল্পনা রয়েছে। সেসব গুছিয়ে নেওয়ার পর নির্বাচন আয়োজন করা হতে পারে।”
শামসুন নাহার হলের প্রভোস্ট ইসমত আরা বলেন, "নতুন প্রশাসনের কারণে এটি হয়েছে। এ বিষয়টা আমি জানতে পেরেছি তবে কারণ বা কোন কিছু সম্পর্কে আমি কাউকে জিজ্ঞাসাবাদ করিনি। নতুন প্রশাসনের কারণে এটি হয়েছে বোধ হয়।"
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আল-আমীন বলেন, "নতুন প্রশাসনের পরিকল্পনা হিসেবে এটি হয়েছে। প্রশাসন আবারো এটি তারিখ ঘোষণা দিয়ে নির্বাচন করবে আশা করি। "
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন ডিন বলেন, “প্রত্যেক উপাচার্য এসেই পুরো প্রশাসনকে দলীয়করণ করতে চায়। নতুন যারা প্রভোস্ট এবং ডিন রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হবে। উপাচার্য নিজস্ব ডিন ও প্রভোস্ট নিয়োগ দেওয়ার পরেই এসকল নির্বাচন হয়তো হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আল-ফোরকান বলেন, “নির্বাচনে তফসিল যে সময় ঘোষণা করা হয়েছে তার মধ্যে বন্ধের সময় গুলো চলে আসার কারণে এটি সঠিক ভাবে প্রক্রিয়াধীন হচ্ছে না বলে মনে হচ্ছে আমার। আর যেহেতু প্রশাসনেরও পরিবর্তন এসেছে আমি এটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করিনি। অতি শীঘ্রই তারিখ ঘোষণা করে আবার এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আর অনির্বাচিত ডিন থেকে সিন্ডিকেটে ডিন নির্বাচনের বিষয়টা নিয়ে আমি আর একটু পরিষ্কার ধারণা নেই, যেহেতু আমি নতুন দায়িত্ব নিয়েছি।”
দলীয়করণ বা নতুন করে প্রভোস্ট বা ডিন নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, "এই ডিন এবং প্রভোস্টরা তো জুলাই পরবর্তী প্রশাসন নির্বাচিত দের সরিয়ে অনির্বাচিতদের দেয়া হয়েছে। তাহলে নতুন করে হলে কোন সমস্যা দেখছি না আমি।"
কাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ