সাভারের আমিনবাজার হাসপাতালে প্রায় ১৭ বছর কাঙ্খিত সেবা না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। শনিবার (২৮মার্চ) দুপুরে সাভারের আমিন বাজার ২০শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনে এসে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি এক সপ্তাহের মধ্যে সকল কার্যক্রম সচল রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. ফারহানা কবীর, সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল হাসানসহ স্বাস্থ্য কর্মকর্তারা।
এ সময় আমান উল্লাহ আমান বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতাল চালু করতে হবে। এক্ষেত্রে কোন কম্প্রোমাইজ করা হবে না। জনগণের স্বার্থে সেবা দিতে হবে। স্বাস্থ্যসেবা চালু করার জন্য যা যা করা দরকার তা আপনারা করেন, অন্যথা নিজের ইচ্ছায় আপনারা এখান থেকে সরে যান।
এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের উদ্দেশ্য করে বলেন, এখানে আউটডোর চালু নাই। হাসপাতাল চালু রাখেন এবং প্রতিদিন যাতে রোগী এসে এখানে সেবাটা যেন ঠিকমত পায়। তিনি বলেন, ডাক্তারদের একটি কথায় রোগী ভালো হয়ে যায়। আমরা ডাক্তারদের সেই সেবা দেয়ার বিষয়ে জোর দিতে বলছি। আমিনবাজার অত্যন্ত জনবহুল একটি অঞ্চল। এই এলাকার মানুষ স্বাস্থ্যসেবা পেতে চায়। এ সময় তিনি চিকিৎসকদের উদ্দেশ্য করে বলেন, দয়া করে জনগণের চিকিৎসা ব্যবস্থা আপনারা নিশ্চিত করুন।
এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী সাভারের আমিনবাজারে ২০ শয্যা বিশিষ্ট হাসাপাতালের পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছি। রাতারাতি কোন কিছুই সম্ভব নয়, তবে সাধারণ মানুষ যেন হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। এসময় তিনি তার পক্ষ থেকে যাবতীয় সহযোগিতারও আশ্বাস দেন।
