নাফ নদী থেকে ১৩ জেলেকে নিয়ে গেছে আরাকান আর্মি

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৭:৫৩ এএম

কক্সবাজারের টেকনাফের নাফ নদী-বঙ্গোপসাগরের মোহনাসংলগ্ন নাইক্ষ্যংদিয়া নামক এলাকায় থেকে তিনটি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। গতকাল শনিবার সকাল ৭টার দিকে মাছ শিকারের সময় তাদের ধরে নিয়ে গেছে বলে জানান টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান।

অপহৃতরা হলেন মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. কালাম (৩০), মো. হোসেন আম্মদ (৩৮), মো. সালাউদ্দিন (১৮), মো. মীর কাশেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. মলা কালু মিয়া (৫৫), মো. আবু তাহের ( ৪০), মো. আবদুল খালেক ও মো. জাবের মিয়া (২৪)। তাদের  সবার বাড়ি শাহপরীর দ্বীপ মাঝরপাড়া ও ডাঙ্গরপাড়া গ্রামে।

শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, ভোর ৪টার সময় তাদের ঘাটের ইঞ্জিনচালিত কিছু নৌকা নাফনদীর মোহনায় মাছ শিকারে যায়। সকাল ৭টার দিকে বেশ কয়েকটি নৌকাকে স্পিড বোট নিয়ে ধাওয়া করে আরাকান আর্মি। পরে অস্ত্রের মুখে তিনটি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে যায় তারা।

ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, আরাকান আর্মির কারণে নাফ নদী-সাগরে মাছ শিকারে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে জেলে-নৌকার মালিকদের মধ্যে দুর্দিন নেমে আসবে। এ ঘটনা বন্ধে সরকারের সহায়তা কামনা করেন তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম বলেন, স্থানীয়ভাবে বিষয়টি অবহিত করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। বিজিবি ও কোস্ট গার্ডের সঙ্গে আলোচনা চলছে। তবে এ ব্যাপারে বিজিবি ও কোস্ট গার্ডের দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত