লিগ অনিশ্চয়তায় ক্রিকেটারদের উদ্বেগ, বিসিবিকে কোয়াবের চিঠি

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১১:৩৮ পিএম

ঢাকা লিগসহ দেশের ঘরোয়া ক্রিকেটের বর্তমান স্থবিরতা ও অনিশ্চয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। দেশের ক্রিকেটের এই সংকটময় মুহূর্তে দ্রুত সমাধানের পথ খুঁজতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলামের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে সংগঠনটি।

রবিবার পাঠানো এই চিঠিতে ঘরোয়া ক্রিকেটের বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটারদের হতাশার চিত্র তুলে ধরা হয়েছে। একই চিঠির অনুলিপি সিসিডিএম চেয়ারম্যানের কাছেও প্রদান করা হয়েছে এবং বিসিবি সূত্র চিঠিটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

অচলাবস্থার নেপথ্যে: কোয়াবের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘরোয়া ক্রিকেটের মৌসুম শেষ পর্যায়ে চলে এলেও ঢাকা লিগ আয়োজনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশেষ করে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরুর কোনো প্রস্তুতি চোখে পড়ছে না। অভিযোগ উঠেছে যে, দ্বিতীয় বিভাগ লিগেও উল্লেখযোগ্য সংখ্যক ক্লাব অংশ নেয়নি। এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর বিষয়েও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

ক্রিকেটারদের জীবনযাত্রায় সংকট: চিঠিতে উল্লেখ করা হয়, ঘরোয়া লিগগুলোই দেশের ক্রিকেটারদের জীবিকার প্রধান উৎস। দীর্ঘ অনিশ্চয়তার কারণে অনেক ক্রিকেটার বর্তমানে চরম আর্থিক ও মানসিক সংকটে ভুগছেন। খেলা বন্ধ থাকায় পরিবার চালানো অনেকের জন্যই কঠিন হয়ে পড়েছে।

সাবেক ক্রিকেটার হিসেবে বর্তমান বিসিবি সভাপতি এই সংকটের গুরুত্ব দ্রুত উপলব্ধি করবেন বলে আশা প্রকাশ করেছে কোয়াব। সংগঠনটি অনতিবিলম্বে সকল জটিলতা কাটিয়ে ঘরোয়া লিগগুলো মাঠে নামানোর কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত