সিরাজগঞ্জে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জালনোট সহ দুইজনকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ র্যাব-১২ এর একটি দল। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি মোবাইল জব্দ করা হয়।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ র্যাব-১২ এর সদর দপ্তরের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আতিকুর রহমান মিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- রায়গঞ্জ উপজেলার বেড়াবাজুয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২০), একই গ্রামের মোক্তার হোসেনের ছেলে আবুল হাসান (২৯)।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রবিবার (২৯ মার্চ) দুপুরে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রবিউল ইসলাম ও আবুল হাসানকে ৫১ হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে একই থানার ধোপাকান্দি গ্রামের পলাতক আসামি হাকিম শেখের ভাড়া বাসা থেকে ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলা ও আশপাশের বিভিন্ন এলাকায় জাল টাকার নোট নিজ হেফাজতে রেখে খাঁটি নোট হিসেবে ক্রয়-বিক্রয় ও লেনদেন করে আসছেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা করা হয়েছে। উদ্ধারকৃত আদালত সহ তাদের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
