নরসিংদীর মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে দেশীয় তৈরি বাংলা মদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার বেপারীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার চালাকচর ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের মো. জাকির হোসেন (৪০) ও চেংগাইন গ্রামের আমির হোসেন রতন (৫০)।
পুলিশ জানায়, গোপন খবর পেয়ে সোমবার দুপুরে মনোহরদী থানার ওসি মো. শাহিনুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহিনুর ফোর্সসহ চালাকচর বেপারীপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় সাত্তারের বাড়িতে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের পানির বোতলে সংরক্ষিত প্রায় দুই লিটার দেশীয় তৈরি বাংলা মদ জব্দ করা হয়। পরে সেখান থেকে মাদকসেবন ও মদ বিক্রির অভিযোগে মো. জাকির হোসেন ও আমির হোসেন রতনকে আটক করা হয়। পরবর্তীতে বিষয়টি মনোহরদী সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়াকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অভিযুক্তদেরকে ছয় মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মনোহরদী উপজেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
