চাঁদপুরে অবৈধ ভাবে জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড ও নগদ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৩০ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার নওরীন ফিলিং স্টেশনের মালিক মো. মিজানুর রহমান এবং পদ্মা ওয়েল কোম্পানির এজেন্ট মক্কা এন্টারপ্রাইজের মালিক মো. মঞ্জুর হোসেন তালুকদার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি বলেন, মতলব দক্ষিণ উপজেলায় হঠাৎ করে জ্বালানি তেলের সংকট দেখা দিলে পরিদর্শনে যাই। এসময় নওরিন ফিলিং স্টেশনে গিয়ে তেলের সংকট দেখা যায়। পরে পদ্মা ডিপোর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় তাদের বরাদ্দকৃত জ্বালানি তেল সরবরাহ করা হয়।
এনিয়ে ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হলে এক পর্যায়ে তিনি অবৈধভাবে খোলা বাজারে তেল বিক্রির কথা স্বীকার করেন। এই ঘটনার সাথে অপর এক ব্যবসায়ী জড়িত থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় তাদের দুজনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
