খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারকালে সাবেক ছাত্রদল নেতা আটক

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৮:২৫ পিএম

হবিগঞ্জের লাখাইয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের সময় সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী রতন। তিনি করাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। তিনি করাব এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের নিয়োজিত ডিলার।

স্থানীয় সূত্রে জানা যায়, ডিলার হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই জাকারিয়া চৌধুরীর বিরুদ্ধে চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ ওঠে। এ নিয়ে কয়েকদিন ধরে এলাকায় সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল কদমতলী এলাকা থেকে একটি টমটম ভাড়া করে তিন বস্তা চাল হবিগঞ্জ শহরে নিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ ইসলাম ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ ইসলাম বলেন, চালসহ রতনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া আরও কোথাও চাল মজুদ রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে। প্রাথমিকভাবে তার ডিলারশিপ লাইসেন্স বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত